ইনানী সৈকতে
ঘুরতে এসে সাগরে প্রাণ গেল কিশোরের, উদ্ধার ১৫ শিক্ষার্থী

ছবি: আগামীর সময়
সমুদ্রের ঢেউ উপভোগ করতে ইনানী সৈকতে গোসল করতে নেমেছিল ১৬ জন মাদ্রাসাশিক্ষার্থী। কিন্তু আনন্দের মুহূর্তেই সাগরের ঢেউয়ের তোড়ে পানিতে বিপাকে পড়ে তারা। পরে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল শান্ত ইসলাম (১৫) নামের এক কিশোর। শেষ পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে তল্লাশি চালিয়ে শান্তর মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের বিচকর্মীরা।
নিহত শান্ত ইসলাম ঢাকা মহানগরের খিলগাঁও থানার গোরান এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোজাম্মেল হোসেনের ছেলে।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে একটি মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী ইনানী সৈকতে গোসল করতে নামে। একপর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে তারা পানিতে বিপাকে পড়ে। এ সময় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে শান্ত নিখোঁজ ছিল।
তিনি জানান, খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা সাগরে তল্লাশি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।




