লক্ষ্মীপুর
স্ত্রীসহ সাবেক এমপি নয়নের বিরুদ্ধে দুদকের মামলা

নুরউদ্দিন চৌধুরী নয়ন এবং স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনা
লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নুরউদ্দিন চৌধুরী নয়ন এবং তার স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় নয়নের নামে ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকা এবং তার স্ত্রীর নামে ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকার সম্পদ ও ব্যয়ের হিসাব উল্লেখ করা হয়েছে।
আজ রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের উপসহকারী পরিচালক কামরুল ইসলাম মামলা দুটি দায়ের করেন।
নুরউদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পেশায় লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী।
দুদকের বিবরণ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ২০২৪ সালের ৪ নভেম্বর নয়নের বিরুদ্ধে একটি অনুসন্ধান দল গঠন করা হয়।
অনুসন্ধানে তার নামে ৩৩ লাখ ১৪ হাজার ১৩১ টাকার স্থাবর সম্পদ এবং ১ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ১৯৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ ১ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৩২৫ টাকা। এ ছাড়া পারিবারিক ও অন্যান্য খাতে ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার ২৫৪ টাকা ব্যয়ের তথ্য পাওয়া যায়।
সম্পদ ও ব্যয়সহ তার মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৫৭৯ টাকা। এর বিপরীতে দায়-ঋণসহ বিভিন্ন খাত থেকে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া যায় ১ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৯৩৭ টাকা। ফলে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকা।
দুদকের অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নয়ন এসব সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, নয়নের স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনার নামে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৮০০ টাকার স্থাবর সম্পদ এবং ২৪ লাখ ৬৬ হাজার ৪০ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৮৪০ টাকা। এ ছাড়া পারিবারিক ও অন্যান্য খাতে ২০ লাখ ৪ হাজার ৭৪৯ টাকা ব্যয়ের তথ্য পাওয়া যায়। সম্পদ ও ব্যয়সহ তার মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকা।
দুদকের অভিযোগ অনুযায়ী, এসব সম্পদের বিপরীতে রুবিনার গ্রহণযোগ্য আয়ের তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধানে সম্পদগুলো তার স্বামী নয়নের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে গড়ে তোলা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। স্বামীর পক্ষে এসব সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।



