আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর কল্যাণ ট্রাস্টের নোটিস সংশোধন

দৈনিক আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনলাইন আবেদন পোর্টালে সার্ভার ডাউন-সংক্রান্ত পুরোনো নোটিস সংশোধন করা হয়েছে। আগে ওয়েবসাইটে ২০২৩ সালের ১৮ মে পর্যন্ত সার্ভার বন্ধ থাকার নোটিস প্রদর্শিত হলেও বর্তমানে সেখানে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সার্ভার ডাউন থাকার নতুন নোটিস দেখা যাচ্ছে।
গত ২৩ অক্টোবর ‘তিন বছর আগেই ‘ডাউন’ কল্যাণ ট্রাস্টের সার্ভার, ২০২৬ সালেও সেই নোটিস!’ শিরোনামে দৈনিক আগামীর সময়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ওয়েবসাইটের নোটিস পরিবর্তনের বিষয়টি সামনে আসে।
সংশোধিত নোটিসে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনলাইন আবেদন সার্ভার আপগ্রেডেশন কাজ চলছে। আগামী ৩১/১০/২০২৬ খ্রি. বিকাল ০৬.০০টা পর্যন্ত সার্ভার ডাউন থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।
এর আগে অনলাইন আবেদন পোর্টালের হোমপেজে ২০২৩ সালের ১৮ মে বিকাল ৪টা পর্যন্ত সার্ভার ডাউন থাকার ঘোষণা প্রদর্শিত হচ্ছিল। তিন বছর আগের ওই নোটিস ২০২৬ সালেও বহাল থাকায় ওয়েবসাইটের তদারকি ও হালনাগাদ কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে গত ২৩ অক্টোবর সংবাদ প্রকাশ করে দৈনিক আগামীর সময়।
অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রাপ্য সুবিধা পেতে অনলাইনে আবেদন করেন। এ কারণে আবেদন পোর্টালে পুরোনো নোটিস থাকায় সেবাগ্রহীতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। নতুন নোটিসে সার্ভার আপগ্রেডেশনের কাজ চলমান থাকার কথা জানিয়ে আগামী ৩১ অক্টোবর বিকাল ৬টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকার সময়সীমা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কল্যাণ ট্রাস্টের উপপরিচালক মুহাম্মদ আবদুর রহিম আগামীর সময়কে জানিয়েছিলেন, সার্ভারের সমস্যা পরবর্তী রবিবার পর্যন্ত থাকতে পারে। তবে ওয়েবসাইটে তিন বছর আগের নোটিস প্রদর্শিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি অন্য কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
ওয়েবসাইটের নোটিস সংশোধনের বিষয়টি সামনে আসায় সেবাগ্রহীতারা এখন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন কার্যক্রম স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।



