বগুড়া
কচুরিপানার মধ্যে লুকানো ছিল বস্তাবন্দি মরদেহ

ছবি: আগামীর সময়
বগুড়ায় পতিত জমিতে কচুরিপানার নিচে লুকানো অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এক ব্যক্তি ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে দুই কুকুরের মারামারি ও তীব্র দুর্গন্ধ পেয়ে কচুরিপানা দিয়ে ঢাকা একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে তিনি স্থানীয়দের ডাক দেন। তারা এগিয়ে এলে বস্তার ভেতরে কঙ্কালসার লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানিয়েছে, এই এলাকার কারো নিখোঁজ সংক্রান্ত খবর নেই। উদ্ধার হওয়া লাশটি অন্তত এক সপ্তাহ আগের বলে প্রাথমিক তদন্তে ধারণা করছেন তারা।
বগুড়া সদর থানার এসআই জাহেদুল ইসলাম বলেছেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে পিবিআই এবং সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।




