হবিগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের ইমামবাড়ি শাখা গ্রামীণ ব্যাংকে আগুন। ছবি: আগামীর সময়
পাহারাদারকে ভেতরে রেখেই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে উপজেলার ইমামবাড়ি শাখা গ্রামীণ ব্যাংকে এ ঘটনা ঘটে। আগুনে ব্যাংকটির ডিজিটাল সাইনবোর্ড পুড়ে গেলেও ব্যাংকের ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, রাত সোয়া দুইটার দিকে এক ব্যক্তি ব্যাংকের প্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর পেট্রল ঢেলে সামনের ডিজিটাল সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন। প্রায় দেড় মিনিট পর আগুন নিভে যায়। পরে ওই ব্যক্তি আবার প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যান। তার সঙ্গে বাইরে আরও কেউ ছিলেন কি না, তা সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট হয়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের পাহারাদার হাফিজুর রহমানকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে আসে। আগুনে ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে।
এ ঘটনায় ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মামলা করবেন বলেও জানান ওসি।




