সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়, বিপাকে পর্যটক-জেলেরা

সুন্দরবনের কটকা
মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়ের কবলে পড়েছে পূর্ব সুন্দরবন। শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য পর্যটনকেন্দ্রে টেলিটকের দুটি জেনারেটর বিকল হয়ে যাওয়ায় গত তিন দিন ধরে কটকা, দুবলার আলোরকোল ও অফিসকিল্লায় স্থাপিত তিনটি টাওয়ারের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সুন্দরবনের এসব এলাকায় মোবাইল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক, মৎস্যজীবী ও বনরক্ষীরা।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসান ইমরান জানান, গত সোমবার (৩১ আগস্ট) হঠাৎ কটকায় অবস্থিত টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর বিকল হয়ে পড়ে। জেনারেটর নষ্ট হওয়ায় কটকা টাওয়ারের আওতায় থাকা দুবলার আলোরকোল ও অফিসকিল্লায় টেলিটকের অন্য দুটি টাওয়ারও অকার্যকর হয়ে যায়।
তিনি বললেন, ‘মোবাইল যোগাযোগ বন্ধ থাকায় তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কটকাসহ সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকেরা বেশি বিপাকে পড়েছেন। এছাড়া সাগর ও সুন্দরবনে মাছ ধরতে থাকা হাজার হাজার জেলে এবং বন বিভাগের অভ্যন্তরীণ যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।’
সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘তিন দিন ধরে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে জেলে ও পর্যটকেরা দুর্ভোগে পড়েছেন। বন বিভাগের অভ্যন্তরীণ যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিছুদিন পরপর এভাবে সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয় ঘটে বলেও অভিযোগ করেন তিনি।’
টেলিটকের খুলনা বিভাগীয় ইনচার্জ মো. নূর আলম কটকায় টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর একসঙ্গে বন্ধ হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘জরুরি ভিত্তিতে জেনারেটর মেরামতের ব্যবস্থা করা হবে। ২-১ দিনের মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে।’





