বাউফলে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

অভিযুক্ত জুলহাস মুন্সী— সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে নাসির হাওলাদার (৪০) নামে এক যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী জুলহাস মুন্সীর বিরুদ্ধে।
ভুক্তভোগীর অভিযোগ, পটুয়াখালী বাদঘাট এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে এনে বাউফল মহিলা কলেজ ব্রিজসংলগ্ন এলাকায় আটকে রাখা হয়। সেখানে দীর্ঘ সময় ধরে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। ৯৯৯ এ সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরকে উদ্ধার করে। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত জুলহাস অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি এ ঘটনার সাথে জড়িত না। আমি তাকে মারধর করিনি।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, ‘৯৯৯-এ কল পেয়ে নাসিরকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তার সঙ্গে কী ঘটেছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে শুনেছি, তাকে পটুয়াখালী বাদঘাট এলাকা থেকে আনা হয়েছে। ঘটনাটি যদি সেখানে ঘটে থাকে, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সংশ্লিষ্ট থানার মাধ্যমেই নেওয়া হবে।’




