মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধস, যান চলাচলে বিঘ্ন

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধস
টানা বর্ষণের কারণে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায়।
এতে সড়কে মাটি ও পাথর ছড়িয়ে পড়ে। তবে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা রুবেল জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে মেরিন ড্রাইভ সড়কের ওপর পড়ে। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন।
তিনি জানান, পাহাড়ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্যোগে অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ অনেকটা এগিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। বর্ষা মৌসুমে মেরিন ড্রাইভ সড়কের পাহাড়ঘেঁষা অংশগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যায়।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাহাড়ধসপ্রবণ এলাকায় চালক ও সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।






