সংস্কারের অভাবে কাচ্চা দিঘিতে বিলীন হচ্ছে সড়ক

কাহেতুরা পূর্বপাড়ায় কাচ্চা দিঘির পাড়ঘেঁষা সড়ক। ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা পূর্বপাড়ায় কাচ্চা দিঘির পাড়ঘেঁষা একটি সড়ক ২২ বছরেও সংস্কার হয়নি। কুন্ডা-কাহেতুরা-ভলাকুট সড়কটি পাকা হলেও পুরনো এ সড়কের প্রায় ১ হাজার ২০০ ফুট অংশ এখনো কাঁচা ও বেহাল। এর মধ্যে প্রায় ৭০০ ফুট দিঘির পানিতে বিলীন হয়ে গেছে। ফলে চলাচল, কৃষিপণ্য পরিবহনসহ নানা কাজে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানালেন, কাহেতুরা পূর্বপাড়ার আবু সালেক মিয়ার বাড়ির সামনে থেকে স্থানীয় মাদ্রাসা পর্যন্ত প্রায় ৭০০ ফুট সড়ক কাচ্চা দিঘিতে বিলীন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী। এতে কাহেতুরা ও আশপাশের এলাকার বাসিন্দাদের পাশাপাশি কৃষকরাও ভোগান্তিতে পড়েছেন।
কাহেতুরা পূর্বপাড়ার বাসিন্দা মাওলানা আব্দুল্লা আল মামুন জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে গ্রাম থেকে বাইরে যাতায়াত, মৃতদেহ কবরস্থানে নেওয়া এবং ফসল ঘরে তোলার সময় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাই।
কুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি অনু মিয়া জানিয়েছেন, কুন্ডা-কাহেতুরা-ভলাকুট সড়কের উন্নয়ন হলেও কাচ্চা দিঘির পশ্চিম পাড়ঘেঁষা পুরোনো সড়কটির কোনো উন্নয়ন হয়নি। জনস্বার্থে জরুরি ভিত্তিতে সড়কটির উন্নয়ন করা প্রয়োজন।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কাহেতুরা পূর্বপাড়ার বাসিন্দা মো. আজিজুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, প্রায় ২২ থেকে ২৩ বছর আগে কুন্ডা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ওমরাও খান সড়কটির উন্নয়ন করেছিলেন। এরপর আর সংস্কার না হওয়ায় এর প্রায় ৭০০ ফুট দিঘিতে বিলীন হয়ে গেছে। বর্তমানে ওই অংশে সড়কের অস্তিত্ব নেই বললেই চলে।
কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাছির উদ্দীন ভূঁইয়া জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ইউনিয়ন পরিষদের নেই। তাই সড়কটি সংস্কারে নাসিরনগরের সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নাসিরনগর উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন জানিয়েছেন, সড়কটির উন্নয়নের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।




