শাহরাস্তিতে দুই ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

সংগৃহীত ছবি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালায়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ সময় উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামে অবস্থিত মেসার্স এ এস এস ব্রিকস এর স্বত্বাধিকারী মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা, চিতোষী খিলা বাজার সংলগ্ন মেসার্স হারুন ব্রিকসের স্বত্বাধিকারী মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার ৭ লাখ টাকা আদায় করেন।
একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে জ্বলন্ত আগুন নিভিয়ে দিয়ে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



