সিলেটে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বাঁ থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল হক ও যুবলীগ নেতা জাকির আহমদ
সিলেটের কোম্পানীগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় আলাদা অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে নাশকতা ও বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। অন্যজনকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল বুধবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে আব্দুল হককে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গণি তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুই নেতা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আব্দুল হক এবং গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জাকির আহমদ (৩০)।
পুলিশ জানিয়েছে, আব্দুল হকের বিরুদ্ধে নাশকতা ও বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে নাশকতার চেষ্টা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জাকির আহমদকে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রণকেলী নুরুপাড়া গ্রামের মৃত জুনাব আলীর ছেলে।
গত ৯ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাবেদ আলী তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।




