কেরাণীগঞ্জে মহাসড়কে হাট ও রেস্টহাউজ, ৫ লাখ টাকা জরিমানা

ছবি: আগামীর সময়
ঢাকার কেরাণীগঞ্জে মহাসড়ক দখল করে কোরবানির পশুর হাট ও অস্থায়ী রেস্টহাউজ নির্মাণের অভিযোগে দুই ইজারাদারকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে সড়ক দখল ও ফুটপাত অবৈধভাবে ব্যবহারের দায়ে আরও দুজনকে করা হয়েছে জরিমানা।
সোমবার বিকালে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে চালানো হয়েছে অভিযানটি। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আগানগর পশুর হাটে জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কের ওপর প্যান্ডেল নির্মাণ এবং কোরবানির পশু রাখার দায়ে হাটের ইজারাদার আনোয়ার হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এক ঘণ্টার মধ্যে সড়ক থেকে পশু সরিয়ে নেওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জনি টাওয়ার এলাকায় সড়কের ওপর প্যান্ডেল তৈরি করে পশু রাখার দায়ে জিঞ্জিরা হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবুকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তাকেও নির্ধারিত সময়ের মধ্যে সড়ক খালি করার নির্দেশ দেওয়া হয়।
ইজারাদারদের দাবি, বৃষ্টিতে হাটে পানি জমে যাওয়ায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে সড়কে গরু রেখেছেন। পানি নেমে গেলে পশুগুলো আবার নেওয়া হবে হাটে।
এদিকে, ৩০ ফিট সড়ক দখল করে গেস্টহাউজের জন্য প্যান্ডেল নির্মাণের দায়ে এক বাড়ির মালিককে ২০ হাজার টাকা এবং ফুটপাত দখল করে ফলের দোকান বসানোয় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কদমতলী এলাকায় প্রশাসন নিয়মিত অভিযান চালালেও দখলদাররা বারবার একই কাজ করছে।
‘গত দুই দিন ধরে আমবাগিচা মাঠ ও জিঞ্জিরা বাজারের ইজারাদারদের সড়ক থেকে গরু সরানোর অনুরোধ জানানো হলেও তারা তা মানেননি। পরে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সড়ক পরিষ্কার না করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে’- সতর্ক করলেন ইউএনও ফারুক।






