অপহরণের পাঁচ মাস পর মেহেরপুর থেকে স্কুলছাত্রী উদ্ধার

উদ্ধার করা স্কুলছাত্রী
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর মেহেরপুর থেকে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নাঈম আল হাসান (১৮) নামে এক তরুণের হেফাজত থেকে তাকে উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার পিবিআই নারায়ণগঞ্জ জেলা সূত্রে এ তথ্য জানা গেছে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ৬ জুন সকাল ১০টার দিকে ফতুল্লার ভোলাইল উত্তরপাড়া এলাকা থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে ওই শিক্ষার্থী অপহরণের শিকার হয়। সে স্থানীয় নয়াপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় শিক্ষার্থীর নানী বাদী হয়ে গত ২৯ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কোর্ট পিটিশন মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে ভুক্তভোগীকে উদ্ধারের নির্দেশ দেন। পরে পিবিআই নারায়ণগঞ্জ জেলার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্তে পিবিআই জানতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যম ইমুর মাধ্যমে অভিযুক্ত নাঈম আল হাসান ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে ওই শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়।
এদিকে, পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ফোনে শিক্ষার্থীর নানীকে হুমকি দেন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালায় পিবিআই নারায়ণগঞ্জ জেলার একটি দল। এ সময় নাঈম আল হাসানের হেফাজত থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর ১৯ নভেম্বর শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। একই দিন নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের পরিচয় ও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। মামলার তদন্ত অব্যাহত।



