দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

মৃত আবুল কাশেম (৬০)। ছবি: সংগৃহীত
নোয়াখালীর সেনবাগে বোনের বাড়িতে যাওয়ার পর নিখোঁজ হওয়া আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ তিন দিন পর ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আবুল কাশেম উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের রমিজ উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত নুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, গত ২৩ জুলাই অসুস্থ অবস্থায় আবুল কাশেম সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে হাতে ক্যানোলা লাগানো অবস্থায় বিন্নাগুনি গ্রামে বোনের বাড়িতে যান তিনি। সেখান থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তিন দিন পর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, বোনের বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই আবুল কাশেম নিখোঁজ ছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।




