২ ঘণ্টার সফরে আলোকিত হবে রংপুর

ফাইল ছবি
রাজধানীর বাইরে শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনের খবরে উৎসবের আমেজ বিরাজ করছে সনাতন সম্প্রদায়ের মধ্যে। নতুন সাজে সেজেছে নগরীর মন্দির, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। সফরসূচি অনুযায়ী মাত্র দুই ঘণ্টার ভ্রমণ হলেও সরকারপ্রধানের পদচারণায় আলোকিত হবে পুরো রংপুর— এমনটাই প্রত্যাশা উত্তরাঞ্চলের বাসিন্দাদের।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বললেন, রংপুরের ঐতিহাসিক রাধাগোবিন্দ মন্দিরের (ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শন করার পাশাপাশি সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।
সম্প্রতি সিটি করপোরেশনের উন্নয়নে বড় বাজেট বরাদ্দের পর রংপুরে প্রধানমন্ত্রীর এই আগমন বিএনপির নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দের মাত্রা বাড়িয়ে তুলেছে।
সফরসূচি অনুযায়ী, আজ সামরিক বিমানে সকাল ১০টায় ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হবেন সরকারপ্রধান। এরপর বেলা ১১টায় তিনি রংপুর নগরীর ঐতিহাসিক রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে সামরিক বিমানে রাজশাহী এবং পরে চট্টগ্রাম সফর করার পর ঢাকায় ফিরবেন।



