পারিবারিক কলহের জেরে বিষপান, চৌদ্দগ্রামে গৃহবধূর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে নার্গিস আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের শারীরিক ও মানসিক নির্যাতন এবং যৌতুকের চাপ সহ্য করতে না পেরে তিনি বিষপান করেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।
নিহত নার্গিস উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। চার বছর আগে চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামের শহিদ মিয়ার ছেলে মাহফুজের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
নিহতের মামা সাদ্দাম হোসেনের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী মাহফুজ, শাশুড়ি শ্যামলা বিবি, দেবর মারুফ ও শ্বশুর শহিদ মিয়া বিভিন্ন সময়ে নার্গিসকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। পাশাপাশি যৌতুকের জন্য তাকে চাপ দেওয়া হতো। গত রবিবার রাতে স্বামী মাহফুজ তাকে নির্যাতন করেন। এর পরদিন সোমবার সকাল ১০টার দিকে স্বামীর বাড়িতে থাকা অবস্থায় বিষপান করেন নার্গিস।
পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী মামা আবু বক্কর ও মোশারফ হোসেন বিপু জানান, মৃত্যুর দুই দিন আগে শাশুড়ি, স্বামী ও ননদের সঙ্গে নার্গিসের ঝগড়া হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর মৃত্যুর বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।



