লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

অভিযুক্ত মঞ্জুরুল হক, ছবি: সংগৃহীত
কুমিল্লার লাকসামে এক সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মনজুরুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
আজ সোমবার দুপুরে লাকসাম থানায় জিডি করেন গোলাম মাহবুব ছোবহানী রুবেল। তিনি লাকসাম প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, বাংলা নিউজ-২৪-এর কুমিল্লা (দক্ষিণ) জেলা প্রতিনিধি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা মনজুরুল হকের বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং প্রতিকারের দাবি তুলে সাংবাদিক রুবেল গত ১৮ অক্টোবর নিজের ‘লাকসাম সিটি নিউজ’ নামের ফেসবুক পেজে একটি পোস্ট দেন।
অভিযোগ অনুযায়ী, ওই পোস্টকে কেন্দ্র করে প্রথমে হোয়াটসঅ্যাপে এবং পরে ফেসবুক পেজের ইনবক্সে মনজুরুল হক তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জিডিতে উল্লেখ করেছেন সাংবাদিক রুবেল।
গোলাম মাহবুব ছোবহানী রুবেল বলেন, মনজুরুল হকের গালাগাল ও প্রাণনাশের হুমকির বিষয়ে তার কাছে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে। সেসব প্রমাণ তিনি থানায় জমা দিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মনজুরুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




