ফরিদপুরে কোরবানির গোশত বণ্টন নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদুল আজহার দিন কোরবানির গোশত মসজিদে সংরক্ষণ করা হবে নাকি বাড়িতে নেওয়া হবে এ নিয়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে দুপুর ১২টা পর্যন্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে কোরবানির গোশত বিতরণের বিষয়ে প্রথমে গ্রামবাসীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট। পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ঢাল-সরকি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে নারী ও পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।







