গরু ফিরল বটে, ফিরলেন না কৃষক

ছবি: আগামীর সময়
গরু চড়াতে বুধবার সকালে মাঠে গিয়েছিলেন রংপুরের লালমিয়া। দিনশেষে গরুটি ফিরে আসে গোয়ালে। কিন্তু ফেরেননি লাল মিয়া। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার হামিদপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে একটি কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাল মিয়া ওই গ্রামের বাদশার মিয়ার ছেলে। তিনি কৃষিকাজ ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও পরিবার জানায়, নিখোঁেজর পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও লাল মিয়ার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সঙ্গে পরিবারের সদস্যরা আবারও মাঠে খুঁজতে গিয়ে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, বৈরী আবহাওয়ার মধ্যে মাঠে অবস্থানকালে বজ্রপাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
মিঠাপুকুর থানার ওসি এরশাদ আহমেদ জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।




