বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল রাস্তা পাকাকরণের উদ্বোধনের পর বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বিএনপি সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন, সাধারণ মানুষের চলাচল সহজ করা এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
গতকাল সোমবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট-কাঞ্চনডব রাস্তার পাকাকরণের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেছেন, গ্রামের মানুষের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নের সুফল যেন প্রান্তিক মানুষের কাছে পৌঁছে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।



