কোনাবাড়িতে আগুনে পুড়ল ১০ ঝুটের গুদাম

ছবি: আগামীর সময়
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ১০টি গুদাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়িও।
আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী জানালেন, ৫টা ৫৫ মিনিটে খবর পাই। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। এ ছাড়া সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী বলেছেন, ঝুটের গুদামের আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।



