ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাধা, যুবলীগ নেতা গ্রেপ্তার
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে বাধা সৃষ্টি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীকে গালিগালাজ ও অশালীন মন্তব্য করার অভিযোগে কামাল নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হাজংপাড়া গ্রামের ঘটনা এটি।
স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছিল। এ সময় কামাল নামের ওই ব্যক্তি তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ ঘটনায় তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা কর্মী সোনিয়া আক্তার বাদী হয়ে ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ কামালকে আটক করে।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তারের বিষয়ে ধোবাউড়া থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।




