ন্যূনতম বেতনের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
সাভার (ঢাকা) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করেছে।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
এদিন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা একজোট হয়ে সড়কে নেমে আসেন এবং অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিন বেলা ২টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছিলেন।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ জানান, ন্যূনতম বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।




