হবিগঞ্জে ফড়িয়ার পকেটে কৃষকের লাভ

ধান ফলিয়েছেন কৃষক, কিন্তু লাভের বড় অংশ চলে যাচ্ছে ফড়িয়া বা মধ্যস্বত্বভোগীর পকেটে। উৎপাদন খরচ বাড়লেও বাড়ছে না ধানের দাম। সরকারি সংগ্রহমূল্য মণপ্রতি ১ হাজার ৪০০ টাকা হলেও হবিগঞ্জের হাওরে কৃষকরা ধান বিক্রি করছেন ৮০০ থেকে ১০০০ টাকায়। সরকারি গুদামে উৎপাদিত ধানের মাত্র ১ দশমিক ৭ শতাংশ সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকায় বাকি ধান নিয়ে কৃষকদের নির্ভর করতে হচ্ছে স্থানীয় পাইকারদের ওপর। এতে চলতি মৌসুমে আমনচাষিদের সম্ভাব্য মূল্যবঞ্চনার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ২৬৯ কোটি টাকা।
আজমিরীগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের বর্গাচাষি ওয়ারিশ মিয়া ও তার ছেলে মোনায়েমের এক বিঘা জমিতে রোপা আমনে খরচ হয়েছে ১২ হাজার টাকা। উৎপাদিত ধান বিক্রি করেও পাওয়া যাবে ১২ হাজার টাকা। অর্থাৎ পাঁচ মাসের পরিশ্রমের পর আয়-ব্যয় সমান। এভাবে ৩০ বিঘা জমিতে তাদের খরচ হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা। উৎপাদিত ৩৬০ মণ ধান বিক্রি করেও সেই টাকা উঠবে কি না, তা নিয়ে শঙ্কায় তারা।
শুধু ওয়ারিশ মিয়া নন, একই গ্রামের শতাধিক কৃষক রয়েছেন একই পরিস্থিতিতে। জমির বর্গামূল্য, সার, কীটনাশক, হাল চাষ ও শ্রমের খরচ বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাড়েনি ধানের দাম। উল্টো সরকারি সংগ্রহমূল্যের চেয়ে অনেক কম দামে স্থানীয় পাইকারদের কাছে ধান বিক্রি করতে হচ্ছে তাদের।
কৃষকদের এই সংকটের পেছনে বড় কারণ; সরকারি ধান সংগ্রহের সীমিত পরিসর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় ৯২ হাজার ৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ ৬৮ হাজার ২৮৮ টন। এর বিপরীতে সরকারি গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা মাত্র ৪ হাজার ৫২৪ টন। অর্থাৎ মোট উৎপাদনের প্রায় ১ দশমিক ৭ শতাংশ সংগ্রহ করবে সরকার। বাকি ৯৮ শতাংশের বেশি ধান বিক্রি করতে হবে খোলাবাজারে।
এবার সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৫ টাকা, অর্থাৎ মণপ্রতি ১ হাজার ৪০০ টাকা। এ দরে জেলার মোট উৎপাদিত ধানের মূল্য দাঁড়ায় প্রায় ৯৩৯ কোটি টাকা। কিন্তু স্থানীয় বাজারে কৃষকরা ধানের দাম পাচ্ছেন কেজিপ্রতি প্রায় ২৫ টাকা, অর্থাৎ মণপ্রতি ১ হাজার টাকা। এ দরে একই পরিমাণ ধানের মূল্য দাঁড়ায় প্রায় ৬৭১ কোটি টাকা। সরকারি সংগ্রহমূল্য ও স্থানীয় বাজারদরের এই ব্যবধানের কারণে কৃষকদের সম্ভাব্য মূল্যবঞ্চনার পরিমাণ প্রায় ২৬৯ কোটি টাকা।
বানিয়াচং উপজেলার কৃষক ছবিল মিয়ার ক্ষোভ, ‘কৃষকের লাভের গুড় যাচ্ছে পিঁপড়ার পেটে।’ তার অভিযোগ, হাওরে ধান কাটা শুরু হলেই পাইকাররা একজোট হয়ে বাজারদর নির্ধারণ করেন। অথচ কৃষকের ঘরে ধান শেষ হয়ে গেলে মণপ্রতি দাম বেড়ে দেড় হাজার টাকা পর্যন্ত ওঠে। অর্থাৎ যখন কৃষকের হাতে বিক্রির মতো ধান থাকে, তখন দাম কম থাকে; আর ধান শেষ হওয়ার পর বাড়ে দাম। এতে কৃষকের পরিশ্রমের সুফল ভোগ করেন ব্যবসায়ীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীরেন্দ্র লাল রায়ও কৃষির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, বহুজাতিক কোম্পানিগুলোর প্রভাব ও কৃষি উপকরণের বাজারে অনিয়মের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সার ও কীটনাশকের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, সরকারি ভর্তুকির সুফল প্রকৃত কৃষকের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। অন্যথায় কৃষি উৎপাদনব্যবস্থা আরও সংকটে পড়বে।
তবে সরকারি ধান সংগ্রহের পরিমাণ বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছেন জেলা খাদ্যনিয়ন্ত্রক। হবিগঞ্জের জেলা খাদ্যনিয়ন্ত্রক জ্যোতি বিকাশ ত্রিপুরার ভাষ্য, গত বছর রোপা আমন মৌসুমে সরকারিভাবে মাত্র ৪৯৭ টন ধান সংগ্রহ করা হয়েছিল। কৃষকদের কথা বিবেচনা করে এবার সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৪ হাজার ৫২৪ টন করা হয়েছে। ভবিষ্যতে সংগ্রহের পরিমাণ আরও বাড়ানো যায় কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করবেন তারা।



