রিকশা নিয়ে যাচ্ছিলেন চালক, ছয়তলা ভবন থেকে মাথায় পড়ল ইট

রংপুর মেডিকেল কলেজ— সংগৃহীত
রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার কাজীবাড়ি রোডে ছয়তলা ভবন থেকে ইট পড়ে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমেরিকাপ্রবাসী রবিউল ইসলামের ছয়তলা নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। রাস্তা দিয়ে একটি খালি রিকশা যাওয়ার সময় হঠাৎ করে কয়েকটি ইট রিকশাচালকের মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীন ভবনের প্রতিবেশী আব্দুল জব্বার বললেন, ‘চলন্ত রাস্তার পাশে বহুতল ভবনের কাজ চলছে, অথচ কোনো নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও একবার ওয়াল ভেঙে পড়েছিল। সেই সময় বলা হয়েছিল, কিন্তু আমাদের কথা শোনেনি। গায়ের জোরে কাজ চালাচ্ছেন। আজকে যখন ঘটনাটি ঘটে, তখন আমরা বাড়ির পাশে বসেছিলাম। তাদের ভবনের ইট পড়ে একজন মানুষ মাটিতে লুটিয়ে পড়ল অথচ ওই ভবনের কেউ এগিয়ে আসেনি। তারা বাড়ির গেট বন্ধ রেখেছে। আমরা এ ঘটনায় ভবন মালিকের বিচার চাই।’
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেছেন, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।





