রামগঞ্জে বজ্রপাতে কোরবানির দুই গরুর মৃত্যু, বিপাকে খামারি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা-এ বজ্রপাতে কোরবানির জন্য প্রস্তুত দুটি গরু মারা গেছে। এতে এক ক্ষুদ্র খামারি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত খামারি বুলবুল আহমেদ জনি উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের টিওরী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে নিজ খামারে দুটি গরু লালন-পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গরুগুলোর মধ্যে একটি ২ লাখ ৮ হাজার টাকায় বিক্রির জন্য চূড়ান্ত হয়েছিল। অন্য গরুটি পরদিন হাটে তোলার প্রস্তুতি চলছিল। তবে গত ২৪ মে রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ ভারী বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় খামারে থাকা দুটি গরুই মারা যায়।
এ ঘটনায় খামারি বুলবুল আহমেদ জনি চরম আর্থিক সংকটে পড়েছেন। কোরবানির ঈদকে সামনে রেখে এমন ক্ষতিতে পরিবারটিতে হতাশা নেমে এসেছে। স্থানীয়রাও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার দাবি জানিয়েছেন।
রামগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনি কুমার দে মন্তব্য করেন এমন দুর্ঘটনায় তারা দুঃখ প্রকাশ করছেন। তিনি উল্লেখ করেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এ ধরনের ক্ষতির ক্ষেত্রে সরকারি সহায়তা দেওয়ার সুযোগ সাধারণত থাকে না এবং এ বিষয়ে কোনো প্রণোদনাও আসে না।






