চট্টগ্রামে স্লোগান দিয়ে উত্তর আ. লীগের সাইনবোর্ড স্থাপন

ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়েছেন দলের নেতাকর্মীরা। আজ সোমবার বিকালে ওই কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত উল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ। এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী ভবনে অবস্থান করেন।
শওকত উল আনাম বলেন, কার্যালয়ে আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের অফিসের সাইনবোর্ড ছিল, সেটি সরিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সাইনবোর্ড লাগানো হয়েছে। দরজায় ঝোলানো তালা খুলে ভেতরে ঢুকে তারা দেখেন, পূর্বের চেয়ার-টেবিল, মাইক, আইপিএস, আলমারি, ফাইলপত্র কিছুই নেই। এমনকি প্রয়াত জাতীয় ও জেলা নেতাদের ছবিও পাওয়া যায়নি। পরে তারা নিজেদের তালা লাগিয়ে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দুজন ব্যক্তি ‘চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার দরজার ওপর লাগাচ্ছেন।
উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর ভবনটির চতুর্থ তলায় অবস্থিত উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দেয় একদল যুবক। সে সময়ের আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের বাইরে শেখ মুজিবুর রহমান-এর ছবি ভাঙচুর করা হচ্ছে। ভিডিওতে এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনকেও দেখা যায়।
ওই ঘটনার পর আরিফ মঈনুদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন সেখানে রাতের বেলায় কার্যক্রম চালাচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে যাই। তালা ভেঙে ভেতরে ঢুকে অফিসটি পরিপাটি অবস্থায় পান বলেও তিনি জানান। পরে কার্যালয়টিতে তালা লাগানো হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর জেলা আওয়ামী লীগের এ কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল। এর আগে গত রবিবার নগরীর লালদীঘির পাড়ে দেয়ালে স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ম্যুরাল ধুয়ে-মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ৫ আগস্টের পর ম্যুরালটি কালি ও কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল বলে জানা যায়।



