ইউপি নির্বাচনে ভোট কারচুপি মেনে নেওয়া হবে না: নৌ প্রতিমন্ত্রী

ছবি: আগামীর সময়
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌ ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান।
তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েই ইউনিয়ন পরিষদের নেতৃত্ব দিতে হবে। কোনো ধরনের অনিয়ম, কারচুপি কিংবা প্রভাব বিস্তারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।
আজ শুক্রবার বিকেল ৪টায় বরিশালের মেহেন্দিগঞ্জে সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
রাজীব আহসান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে চেয়ারম্যান প্রার্থী হবেন, কে সদস্য (মেম্বার) প্রার্থী হবেন, তা আপনাদেরই বাছাই করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় নেতারা ব্যর্থ হলে ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিদের নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ তৈরি হয়। তাই তৃণমূলের মতামত ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে যোগ্য প্রার্থী বাছাই করতে হবে।
এর আগে বিকেল ৩টার দিকে মেহেন্দিগঞ্জে পৌঁছে তিনি উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়ন, সদর ইউনিয়ন ও চানপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়ার শাহীন লিটন ও সদস্য সচিব দিনু মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন ও সদস্য সচিব পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন ও সদস্য সচিব আমজাদ পোদ্দার।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল ও সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন ও সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ, সদস্য সচিব জুবায়ের এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।



