সীমান্তে পশুর চামড়া পাচার রোধে ঈদের দিনেও সতর্ক পাহারায় বিজিবি

ছবি: আগামীর সময়
দেশের মানুষ যখন পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উদযাপনে ব্যস্ত, ঠিক তখন সীমান্ত সুরক্ষায় প্রখর রোদেও অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ঈদুল আজহার এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে কুরবানির পশুর চামড়া পাচার ও অবৈধ পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা সশরীরে পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। মূলত চামড়া পাচার রোধে আগামী আরও কয়েকদিন সীমান্তে এই কড়া নজরদারি ও সতর্ক অবস্থা জারি থাকবে বলে জানানো হয়েছে।
ভারতের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। প্রতি বছরই ঈদুল আজহাকে কেন্দ্র করে এই বিস্তীর্ণ সীমান্ত পথ ব্যবহার করে কুরবানির পশুর চামড়া ভারতে পাচার করার জন্য তৎপর হয়ে ওঠে চোরাকারবারিরা। এবার যেন তারা কোনোভাবেই সেই সুযোগ না পায়, সেজন্যই বিজিবির এই বাড়তি সতর্কতা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, অবৈধভাবে ভারত থেকে যেকোনো ধরনের পুশইন বন্ধ করা, কুরবানির পশুর চামড়া পাচার রোধ এবং মাদকসহ সব ধরনের পণ্য চোরাচালান রুখতে বিজিবি সদস্যরা সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন। দেশের মানুষ যেন কোনো ধরনের উদ্বেগ ছাড়া নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই ঈদের দিনেও বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন বিজিবি জোয়ানেরা।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি ঈদের ছুটি শেষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রা যেন সম্পূর্ণ নিরাপদ ও ঝামেলামুক্ত হয়, সেদিকেও নজর রেখেছে বিজিবি। এজন্য ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও বিশেষ বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।






