শিবচরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল যুবকের
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে সিয়াম হাওলাদার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সন্ধ্যার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের শিবচর উপজেলার কুতুবপুর এলাকার খালেক ফকির বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের সঙ্গে একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলচালক সিয়াম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিয়াম হাওলাদার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার হারুন হাওলাদারের ছেলে।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।






