বিকল বাসের যাত্রীরা দাঁড়িয়েছিলেন সড়কের পাশে, লরিচাপায় নিহত ৫

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের একজন। ছবি: আগামীর সময়
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ছয়জন। গতকাল সোমবার গভীর রাত ১টার দিকে উপজেলার বড় কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্বপ্না নামের এক নারী এবং ইব্রাহিম (৬) ও রাকিব (৮ মাস) নামের দুই শিশু। তাদের বাড়ি নেত্রকোণায়। বাকিদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জিয়াউদ্দিন আগামীর সময়কে জানান, চট্টগ্রাম নগরী থেকে আসা নেত্রকোনাগামী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে কুমিরা রয়েল গেট এলাকায় দাঁড়ানো ছিল। যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি প্রথমে বাসটির পেছনে ধাক্কা দেয়। এরপর যাত্রীদের কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আল আশেক জানিয়েছেন, হাসপাতালে আনার পর অজ্ঞাতপরিচয় এক নারী ও শিশু রাকিবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।



