দুর্গাপূজায় চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী, পূজার্থীদের মধ্যে উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান
দুর্গাপূজায় চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন করবেন বন্দরনগরীর প্রধান পূজামণ্ডপ হিসেবে খ্যাত ‘জেএম সেন’ হল প্রাঙ্গনের আয়োজন। নিকটতম সময়ের মধ্যে প্রথমবার কোনো প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে চট্টগ্রামে সাজ সাজ রব পড়েছে। পূজার্থীদের মধ্যে যুগপৎ কৌতুহল ও উৎসাহ বিরাজ করছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, এলাকার সংসদ সদস্য আবু সুফিয়ান, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী দুইদিন ধরে বারবার জেএম সেন হল মণ্ডপ পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ প্রস্তুতি অবহিত হচ্ছেন। জেএম সেন হলকে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বলয়ের আওতায় এনেছে। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে আজ শনিবার দুপুরে সিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছিলেন মহানগর বিএনপির নেতারাও।
নগর বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য এরশাদ উল্লাহ জানালেন, প্রাথমিক সফরসূচি অনুযায়ী ঢাকা থেকে সরাসরি এসে আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন। এরপর সার্কিট হাউজে কিছুক্ষণ অবস্থান করে সেখান থেকে সরাসরি বিমানবন্দরে যাবেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে।
নিরাপত্তার বিষয়ে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বললেন, ‘পূজামণ্ডপের নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা তো আমাদের আছে। ২০ অক্টোবর এটা আমাদের জন্য একটা বড় ইভেন্ট। প্রধানমন্ত্রী আসবেন। বিভিন্ন বাহিনী, সিটি করপোরেশন, পূজা উদযাপন পরিষদ, রাজনৈতিক দল সকলের সঙ্গে আমাদের সমন্বয় সভা হয়েছে। আমরা সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। সকল ইউনিটকে মাঠে নামানো হয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রীর প্রটৌকল অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা তো থাকবেই।’
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বললেন, ‘আমাদের যে শিডিউল দেওয়া হয়েছে তাতে প্রধানমন্ত্রী একঘণ্টার মতো জেএম সেন হলে থাকবেন। সংক্ষিপ্ত আলোচনা করবেন। আমাদের এই পূজামণ্ডপে আগে কখনো কোনো সরকারপ্রধান আসেননি। এবার প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে সনাতনীদের মধ্যে অন্যরকম উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে। আমরা আগ্রহ নিয়ে প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় আছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার স্থানে বিভিন্ন সড়ক যথারীতি মেরামত করা হচ্ছে। সড়ক বিভাজক ও গাছগুলোতে রঙ দেওয়া হচ্ছে। সড়কে গর্ত, খানাখন্দ ভরাট করা হচ্ছে।
আজ দুপুরে নগরীর জেএম সেন হল মণ্ডপ পরিদর্শনের পর সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বললেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন যেখানে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। রেইনবো নেশনের ধারণা বাস্তবায়নের মধ্য দিয়ে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। বৈচিত্র্যের ঐক্যের বার্তা দিতেই তিনি পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন।’
সংসদ সদস্য এরশাদ উল্লাহ বললেন, ‘তারেক রহমান একাধারে প্রধানমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারপারসন। তবে তিনি চট্টগ্রামে শুধু পূজামণ্ডপ পরিদর্শনের জন্যই আসছেন। অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি বা অনুষ্ঠান উনার নেই। আমরা চট্টগ্রামের এমপিরা শুধুমাত্র প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবো। এরপরও প্রধানমন্ত্রী যখন আসছেন নেতাকর্মীদের জমায়েত তো থাকবেই।’
গত সংসদ নির্বাচনে সনাতন সম্প্রদায়ের লোকজন বিএনপিকে যেভাবে সমর্থন দিয়েছে তার প্রতি সম্মান জানাতেই প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন বলে জানালেন এরশাদ উল্লাহ।



