‘আপনি সরকারের বিরুদ্ধের লোক’, সিডিএ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রী

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পের কারণে জলাবদ্ধতায় দুদিন কাটল নগরবাসীর। তাদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে বলে দুঃখপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে ছুটে এসেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অথচ সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের দেখা মেলেনি কোথাও।
বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনে সিডিএ চেয়ারম্যানকে দেখে একহাত নিলেন প্রতিমন্ত্রী। তাকে ‘সরকারের বিরুদ্ধের লোক’ হিসেবে করলেন অভিযুক্ত।
নগরীর টাইগারপাস সিটি করপোরেশন কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন প্রতিমন্ত্রী, মেয়র, সিডিএ চেয়ারম্যানসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘আপনি সরকারের বিরুদ্ধের লোক’— বলায় মীর শাহে আলমকে সিডিএ চেয়ারম্যান উত্তর দিলেন, ‘শাহাদাত ভাই (মেয়র) আমাকে চেনে স্যার।’ প্রতিমন্ত্রী প্রতি-উত্তরে বললেন, ‘শাহাদাত ভাই চিনলে কী হবে! চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ৩৬টি খালে সংস্কার করছে। সমস্যাটা হয়েছে আপনাদের নিয়ে। মিডিয়ায় আপনার কোনো বক্তব্য নাই। সাধারণ মানুষ রাগ-ক্ষোভ ঝাড়ছে মেয়র শাহাদাতের ওপর।’
মঙ্গল ও বুধবারের বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে সংস্কারকাজের জন্য দুটি খালে বাঁধ থাকায় এই জলাবদ্ধতা— দাবি করেছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও সিডিএর কর্মকর্তারা।
গত দুদিনে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা সিডিএ চেয়াম্যানকে কোথাও দেখা যায়নি। দেননি কোনো বিবৃতি বা বক্তব্য।
এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন সিটি মেয়রও। বুধবার দুপুরে জলাবদ্ধ প্রবর্তক মোড় পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, ‘জলাবদ্ধতার দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেছেন। আমি নিজেও দুঃখপ্রকাশ করেছি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে কাজটা করছে সেনাবাহিনী। গতকাল তাদের আমি দেখিনি। আজ আমি আশা করেছিলাম সিডিএ চেয়ারম্যান অন্তত এখানে থাকবেন।’
বুধবার সংসদ অধিবেশনে জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি দাবি জানালেন এ সংকট নিরসনের।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি বড় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই এটি নিরসন করতে কিছুটা সময় লাগবে। এ কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এ সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়।’




