নৃত্যের ছন্দে নজরুল স্মরণ

চট্টগ্রাম ডিসি হিল নজরুল স্কয়ার থেকে বিকালে তোলা ছবি। রনি দে, চট্টগ্রাম
আকাশে তখন ভারী মেঘ, হালকা বৃষ্টি। কিন্তু তবুও থেমে থাকেনি নৃত্যের ছন্দ। মঞ্চজুড়ে কখনো জেগে উঠেছে বিদ্রোহের সুর, আবার কখনো প্রেম ও মানবতার ছন্দ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণবার্ষিকী উপলক্ষে তার গান ও সৃষ্টিকে এভাবেই নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়।
আজ শনিবার নগরের ডিসি হিলের মুক্তমঞ্চে নজরুলের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ‘নজরুলের জয় গানে নৃত্যনৈবেদ্য’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বেশ কয়েকটি নৃত্য সংগঠন। সংগঠনগুলোর সম্মিলিত মোর্চার নাম নৃত্যনৈবেদ্য।
অনুষ্ঠানের শুরুতেই নৃত্যনৈবেদ্যের পরিচালক ও প্রশিক্ষকদের অংশগ্রহণে পরিবেশিত হয় উদ্বোধনী নৃত্য ‘অঞ্জলি লহ মোর’। ভালোবাসা ও আত্মসমর্পণে সাজানো এ পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের প্রতি শ্রদ্ধা জানান শিল্পীরা।
এরপর একে একে মঞ্চে আসে বিভিন্ন নৃত্য সংগঠনের শিল্পীরা। স্কুল অফ ওরিয়েন্টাল ডান্স, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, ঝুমঝুম নৃত্যকলা একাডেমি, আদিশংকর নৃত্যকলা, নৃতেশ্বর নৃত্যালয়, শুভঙ্করী ডান্স একাডেমি ও কৃত্তিকা নৃত্যালয়সহ আরো কিছু সংগঠন এ আয়োজনে অংশ নেয়। তাদের পরিবেশনায় নজরুলের গান ও সৃষ্টির বিভিন্ন দিক নৃত্যের মাধ্যমে ফুটে ওঠে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার, নৃত্যগুরু ও নৃত্যশিল্পী মানসী দাস তালুকদার।
তিনি জানান, বৃষ্টির মধ্যেও শিল্পীদের নৃত্য পরিবেশনের আগ্রহ প্রশংসনীয়। নজরুল আজ শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তার সৃষ্টি ও চর্চা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে। আগামী প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও সংস্কৃতিচর্চা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
শুধু নৃত্য পরিবেশনাই নয়, আয়োজনের সঙ্গে যুক্ত শিল্পী ও প্রশিক্ষকরাও নজরুলচর্চার গুরুত্ব তুলে ধরেন। নৃত্যশিল্পী শুভ্রা সেনগুপ্তা বলেন, সকালে প্রচণ্ড বৃষ্টিতে অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি হলেও তার ছাত্রীরা নাচ চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিল।
তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিক্ষকদের প্রতি তাদের সম্মানবোধের প্রশংসা করেন। শিল্পীদের আরও মনোযোগ দিয়ে নৃত্যচর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
নৃত্যশিল্পী স্বপন দাশ বলেন, বৃষ্টির কারণে অনুষ্ঠান নিয়ে কিছুটা সংশয় থাকলেও শিক্ষার্থীদের আগ্রহ ও প্রস্তুতি আয়োজনকে সফল করেছে। প্রতিটি পরিবেশনায় শিল্পীদের পরিশ্রম ও সৃজনশীলতার প্রতিফলন ঘটেছে।
নজরুলের সৃষ্টিতে যেমন বিদ্রোহ আছে, তেমনি আছে প্রেম, প্রকৃতি, সাম্য ও মানবতার কথা। নজরুলকে নৃত্যের মাধ্যমে নতুন করে দর্শকের সামনে তুলে ধরাই ছিল আয়োজনের মূল আকর্ষণ। নজরুলের সৃষ্টি যতদিন চর্চা হবে, ততদিন তার গান, কবিতা ও মানবতার দর্শন নতুন প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকবে।







