চট্টগ্রাম অঞ্চলে ২০ শতাংশ উন্নতি রবির ৪জি সেবা

চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ৩ হাজার ৫০০টির বেশি সাইটের নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এতে গ্রাহকদের ৪জি অভিজ্ঞতা গড়ে ২০ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। পাশাপাশি আরও ১০ শতাংশ গ্রাহক উন্নত ইনডোর ৪জি কাভারেজের আওতায় এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রবিবার র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মোহনা হলে আয়োজিত এক অনুষ্ঠানে দেশব্যাপী নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। রবির দাবি, মাত্র ১৮০ দিনের মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের এসব সাইট আধুনিকায়ন করা হয়েছে। এ সময় গ্রাহকসেবায় প্রায় কোনো বিঘ্ন ঘটেনি।
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেছেন, স্বল্প সময়ে এত বড় পরিসরে নেটওয়ার্ক আধুনিকায়ন একটি উল্লেখযোগ্য প্রকৌশলগত অর্জন। সংযোগব্যবস্থার উন্নয়নে রবির বিনিয়োগ দেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে।
তিনি বললেন, ২জি থেকে ৪জি প্রযুক্তিতে উত্তরণের সঙ্গে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার ও ভিডিও দেখার চাহিদা বেড়েছে। ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে নির্ভরযোগ্য সংযোগব্যবস্থা জরুরি। এ ক্ষেত্রে রবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেছেন, চট্টগ্রাম অঞ্চলের আধুনিকায়নের মধ্য দিয়ে দেশব্যাপী নেটওয়ার্ক রূপান্তর কার্যক্রম শেষ হয়েছে। এটি গ্রাহকদের উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, আধুনিক এমআইএমও প্রযুক্তি ব্যবহারে সিগন্যালের মান ও কাভারেজ উন্নত হয়েছে। একই সঙ্গে নতুন অবকাঠামোর কারণে বিদ্যুৎ ব্যবহার সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত কমেছে, যা কার্বন নিঃসরণ হ্রাসেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রামের সঙ্গে রবির আবেগের সম্পর্ক রয়েছে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থেকে প্রতিষ্ঠানটি প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনও সেবার মান আধুনিকায়নের মাধ্যমে প্রতিযোগিতার বাজারে রবির আরও ভালো অবস্থানে যাওয়ার আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কেক কাটায় অংশ নেন মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেলসহ অন্যরা।
এর আগে ঢাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়ন করে রবি। প্রতিষ্ঠানটির দাবি, ওই উদ্যোগে বিভিন্ন এলাকায় গ্রাহক অভিজ্ঞতায় সর্বোচ্চ ১২৫ শতাংশ উন্নতি এবং কল ড্রপের হার ২০ শতাংশ কমেছে।



