চবির হীরকজয়ন্তীর অনুষ্ঠানে শিবির-ছাত্রদলের হাতাহাতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তীর অনুষ্ঠানে শিবির-ছাত্রদলের হাতাহাতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপনের অনুষ্ঠানে হাতাহাতিতে জড়িয়েছেন শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন প্রক্টর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হীরকজয়ন্তী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দমিছিল নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে প্রবেশ করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় সেখানে অবস্থান করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুপক্ষ মুখোমুখি হলে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রক্টরিয়াল বডির সদস্যরা দুপক্ষের মাঝখানে অবস্থান নিয়ে তাদের সরিয়ে দেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জানান, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদ্যাপিত হচ্ছে। সিনিয়ররা এসেছেন। আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবে, তা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মাদ কামরুল হোসেন বললেন, ‘তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশ করছিল। সেসময় শাখা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুপক্ষ নিজেদের মতো চলে গেছে।’
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান চলছে ক্যাম্পাসে। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন।



