গড় বিল বন্ধে সাড়ে ১০ হাজার নষ্ট মিটার পাল্টাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

সংগৃহীত ছবি
গ্রাহকদের ‘গড় বিলের’ ভোগান্তি দূর করতে সাড়ে ১০ হাজার অচল, নষ্ট ও চুরি হওয়া পানির মিটার পরিবর্তন করছে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। গত ১২ অক্টোবর থেকে নগরে এসব মিটার প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, পানির মিটার নষ্ট, অচল বা চুরি হয়ে গেলে অনেক সময় গ্রাহকরা তা দেরিতে পরিবর্তন করেন। নিয়ম অনুযায়ী এ সময় ওয়াসা গ্রাহকদের গড় বিল দেয়। গড় বিলের কারণে অনেক সময় নিয়মিত বিলের চেয়ে টাকার অঙ্ক বেশি আসে। এতে গ্রাহকরা অতিরিক্ত বিলের অভিযোগ করেন। এ সমস্যা সমাধানে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে ওয়াসা নিজ উদ্যোগে মিটারগুলো পরিবর্তন করে দিচ্ছে। এ জন্য গত ১৭ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়।
আজ বুধবার বেলা ১১টার দিকে নগরের হালিশহরের বড়পোল এলাকায় মিটার প্রতিস্থাপন কাজ পরিদর্শনে যান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এ সময় তিনি গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং মিটার পরিবর্তন কাজের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সেলিম মো. জানে আলম বলেছেন, ‘গ্রাহকরা প্রায়ই গড় বিল বা বেশি বিল আসার অভিযোগ করেন। এসব অভিযোগের কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, মূলত গ্রাহকের মিটার নষ্ট বা চুরি হয়ে গেছে। মিটার প্রতিস্থাপনে গ্রাহকরা দেরি করায় ওয়াসা আইন অনুযায়ী গড় বিল করতে বাধ্য হয়। গ্রাহকদের সুবিধার্থেই ওয়াসা সাড়ে ১০ হাজার মিটার প্রতিস্থাপন করে দিচ্ছে। এর ফলে গ্রাহকরা মিটারের সঠিক রিডিং অনুযায়ী বিল পাবেন এবং ওয়াসার রাজস্ব আদায়ও বাড়বে।’
মিটার প্রতিস্থাপনকাজ পরিদর্শনের সময় চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে, রাজস্ব কর্মকর্তা এরফানুল করিম সাজ্জাদ ও সংশ্লিষ্ট মিটার পরিদর্শকরা উপস্থিত ছিলেন।




