চট্টগ্রামে নালায় মিলল বস্তাভর্তি ১৩২০ গুলি

চট্টগ্রাম নগরীতে নালার মধ্যে পড়ে থাকা এক বস্তা গুলি উদ্ধার হয়েছে। গণনায় বস্তার মধ্যে ১ হাজার ৩২০টি গুলি পাওয়া গেছে বলে পুলিশের ভাষ্য।
আজ শনিবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় বিএসআরএম কারখানার পাশে একটি নালায় গুলিগুলো পাওয়া গেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের একদল পরিচ্ছন্নকর্মী নালা পরিস্কারের সময় সাদা রঙের একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তাটি খুলে গুলি পেয়ে তারা পুলিশকে খবর দেন। এ ঘটনায় বায়েজিদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল জানালেন, বস্তায় ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের গুলি ছিল। সবগুলোরই সামনের অংশ পাওয়া গেছে। যাকে বুলেট বা প্রজেক্টাইল বলা হয়।
‘গুলিগুলো নিষ্ক্রিয়। ব্যবহার উপযোগী নয়। আগে ব্যবহৃত হয়েছে কী-না সেটা তদন্ত না করে বলা যাবে না। গুলিগুলো কারা সেখানে ফেলে গেল, উৎস কী- সেটা আমরা তদন্ত করে দেখছি।’- বলেন পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল।





