চুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠনের নির্দেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা নিরসনে তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে ইউজিসির সদস্য পর্যায়ে একটি তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে চুয়েটের বর্তমান পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করতে বলা হয়েছে। পাশাপাশি সংকট নিরসনে সুনির্দিষ্ট সুপারিশমালা জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।
এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে চলা এ অচলাবস্থায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এ পরিস্থিতিতে সংকটের কারণ চিহ্নিত করা এবং সমাধানের পথ খুঁজতে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে চুয়েটে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার পথ তৈরি হবে।



