ষাট বছরে সঙ্গীত ভবন, রবীন্দ্রসুরে সূচনা উৎসবের

ছবি: আগামীর সময়
শুদ্ধ সঙ্গীতে বাংলা ও বাঙালির সংস্কৃতি চর্চায় ৬০ বছর পূর্ণ করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগীত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সঙ্গীত ভবন’। গান, নৃত্য, কথামালায় নানা আনন্দ সহযোগে ছয়দিনের বর্ণাঢ্য হীরকজয়ন্তী উৎসব শুরু করেছে সংগঠনটি।
আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে হীরকজয়ন্তী উৎসবের উদ্বোধন হয়। উৎসবের প্রথমদিনের পুরোটা জুড়ে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রসৃজিত নানা পরিবেশনায় সূচনা হয় উৎসবের। সঙ্গীত ভবনের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন কবির ‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান’ও ‘বিপদে মোরে রক্ষা করো’গান।
একক ও দলীয় পরিবেশনায়ও ছিল রবীন্দ্রনাথের গান। মঞ্চে রবীন্দ্রনাথের গানের সুরে 'ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের' শিল্পীদের নাচও ছিল সূচনাপর্বে। বাঁশিসহ আরও নানা যন্ত্র পরিবেশনাও ছিল।
আলোচনা পর্বে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, কবি ও সাংবাদিক আবুল মোমেন, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান।
প্রশাসক শাহাদাত হোসেন বললেন, ‘একটি প্রতিষ্ঠান ষাট বছর ধরে শুদ্ধ সঙ্গীতের চর্চা করে যাচ্ছে, এটা অনেক বড় বিষয়। সঙ্গীত ভবন আরও দীর্ঘসময় পথচলা অব্যাহত রাখুক। নতুন প্রজন্মকে শুদ্ধ সঙ্গীতের চর্চায় উদ্বুদ্ধ করুক।’
আবুল মোমেন বললেন, ‘সংগীত সংস্কৃতির আত্মা। এই আত্মাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে সংস্কৃতিও টিকবে।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছয়দিনের আয়োজনের পরবর্তী দিনগুলোতে নজরুল, আধুনিক, পুরাতনী, লোকজ ও শাস্ত্রীয় সংগীতের ওপর পূর্ণাঙ্গ পরিবেশনা থাকছে।



