সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৩ অক্টোবর) জুম্মার নামাজের পর উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুর সমুদ্রসৈকতে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপকূল রক্ষা, বালু উত্তোলনের অনুমোদন যাচাই এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
‘আকিলপুর সর্বসাধারণ জনগণ’ এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, সমুদ্রসৈকত থেকে বালু উত্তোলনের কারণে উপকূলের পরিবেশ ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ কার্যক্রম অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে এলাকার প্রাকৃতিক ভারসাম্য ও মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তারা বলেছেন, আকিলপুর সমুদ্রসৈকতে বালু উত্তোলনের প্রকৃত অবস্থা খতিয়ে দেখা প্রয়োজন। উত্তোলনের অনুমোদন থাকলে তা নির্ধারিত শর্ত অনুযায়ী হচ্ছে কি না, তা যাচাই করতে হবে। আর অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে তা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বালু উত্তোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনাও স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে। প্রায় এক সপ্তাহ আগে বালু উত্তোলন সংক্রান্ত বিরোধে বাপ্পি নামের এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরও একজন।
এদিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নেও বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এসব ঘটনায় স্থানীয় পর্যায়ে বালু উত্তোলন নিয়ে বিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আকিলপুরের বাসিন্দারা বালু উত্তোলনের প্রকৃত অবস্থা খতিয়ে দেখতে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন। একই সঙ্গে উপকূলীয় সম্পদ রক্ষায় নিয়মিত নজরদারি এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।



