চট্টগ্রাম
এসএসসি পরীক্ষা শুরু কাল, কমেছে পরীক্ষার্থীর সংখ্যা

ফাইল ছবি
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। এবার ২১৯টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন, যা গত বছরের তুলনায় ১০ হাজার ৫ জন কম।
নতুন সরকারের অধীনে এটি প্রথম এসএসসি পরীক্ষা। এরই মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নকল ও প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা। তার নির্দেশনা অনুযায়ী সব কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ৬৬টি পরিদর্শন টিম ও গঠন করা হয়েছে ১০টি বিশেষ টিম। পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করবেন ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনটি বিভাগেই পরীক্ষার্থী কমেছে। বিজ্ঞান বিভাগে ৩৫ হাজার ৫৩৯ থেকে কমে ৩৪ হাজার ৯৮০, মানবিকে ৪৭ হাজার ৭৯২ থেকে কমে ৪৩ হাজার ৯৫৪ এবং ব্যবসায় শিক্ষায় ৫৭ হাজার ৩৪২ থেকে কমে ৫১ হাজার ৭৩৪ জন হয়েছে।
মোট পরীক্ষার্থীর মধ্যে ৫৬ হাজার ৩২৫ জন ছেলে এবং ৭৪ হাজার ৩৪৩ জন মেয়ে। যার মধ্যে ছাত্রীসংখ্যা ছাত্রদের তুলনায় ১৮ হাজার ১৮ জন বেশি।
এদিকে জেলা প্রশাসনও সম্পন্ন করেছে সার্বিক প্রস্তুতি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান জানালেন, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে এবং নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ সদস্য।

