নিম্নচাপ কাটেনি, বহাল ৩ নম্বর সতর্কসংকেত

চট্টগ্রামে মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা। মাঝেমধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। ছবি: আগামীর সময়
মৌসুমী নিম্নচাপের কারণে এখনো ভারী বৃষ্টির সতর্কবার্তা বহাল রয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
চট্টগ্রামে গতকাল সোমবার রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা। মাঝেমধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে।
পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন কর্তব্যরত আবহাওয়াবিদ।
গতকাল সোমবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু রবিবার রাত থেকেই চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়। সোমবার ভোরে নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খন্দ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।







