মিডিয়া ‘শ্রমিক আন্দোলন’ কেন বলছে, প্রশ্ন প্রতিমন্ত্রী হেলালের

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
গাজীপুরের আন্দোলনকে গণমাধ্যমে কেন ‘শ্রমিক আন্দোলন’ বলা হচ্ছে তা নিয়ে উষ্মা প্রকাশ করলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন প্রতিমন্ত্রী।
গত কয়েকদিন ধরে চলা গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘গাজীপুরে যে আন্দোলনটা শুরু হয়েছে, সেখানে নানাভাবে মিথ্যাচার করে, বিভ্রান্তি সৃষ্টি করে পলাতক ফ্যাসিস্টের কিছু লোক ঢুকে ক্ষতি করছে। এখানে শ্রমিকদের সম্পৃক্ততা নেই।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা (মিডিয়া) এখনো এটা শ্রমিক আন্দোলন বলছেন। দয়া করে বাস্তবতা জেনে ব্যবস্থা নেন। কারণ গার্মেন্টস সেক্টর যদি ক্ষতিগ্রস্ত হয়, এদেশের প্রতিটি মানুষ অর্থনৈতিকভাবে কোনো না কোনোক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ ইনকাম আসে আরএমজি সেক্টর থেকে।’
শ্রমিকদের দাবিগুলো ন্যায্য উল্লেখ করে মীর হেলাল বলেন, ‘শ্রমিকদের প্রতিটি দাবি সরকার বিবেচনায় নিয়েছে। কিন্তু শ্রমিক সংগঠনগুলো জানে না কারা এসব আলোচনা করছে, কী নিয়ে আলোচনা হচ্ছে আর কারা আক্রমণ করছে।’
‘সরকার চেষ্টা করছে আক্রমণ থেকে দেশকে রক্ষা করার। আমরা সকলে মিলে দেশকে রক্ষা না করলে আবারও স্বৈরাচারের হত্যাযজ্ঞ, গুম-খুনের শিকার হতে বেশিদিন লাগবে না’, যোগ করেন তিনি।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী। পরে কয়েকজন সাংবাদিকের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিরা।




