টাকা পাচারের মামলায় সাবেক মন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সংগৃহীত ছবি
গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলায় জাবেদসহ মোট ১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মোহাম্মদ মিজানুর রহমান এ রায় দিয়েছেন বলে জানালেন দুদকের কৌঁসুলি মোকাররম হোসাইন। অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে চট্টগ্রাম থেকে যারা মন্ত্রী হয়েছিলেন, তাদের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদই প্রথম দুর্নীতির মামলায় দণ্ডিত হলেন। জাবেদ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। এরপর তাকে আর পরবর্তী সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্তে জাবেদ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে পাড়ি জমান বলে দেশি-বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
কার কী সাজা
আদালতের রায় অনুযায়ী, মামলার ১ নম্বর আসামি সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাচার করা টাকার দ্বিগুণ অর্থাৎ ৫০ কোটি টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাকি আসামিদের মধ্যে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমীলা জামানকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামি মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া মামলার ৭ আসামিকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে মানিলন্ডারিং প্রতিরোধ আইনেও ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এরা হলেন- মোহাম্মদ মিছাবাহুল আলম, আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেহাম্মদ হোছাইন চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান এবং উৎপল পাল।
আসামি আবদুল হামিদ চৌধুরীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বজল আহমেদ বাবুল ও এম এ সবুরকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরও চার আসামিকে শুধুমাত্র মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এরা হলেন, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম এবং শাহ আলম।
দণ্ডিত আসামিদের মধ্যে ইউসিবিএলের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। এছাড়া অপরাধে জড়িত জাবেদের ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তাও আছেন।
যারা খালাস পেলেন
খালাস পাওয়া ১৯ জন হলেন, মোহাম্মদ একরাম উল্লাহ, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, আফরোজা জামান, জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, আরিফ কাদরী, প্রদীপ কুমার বিশ্বাস, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ সুমন, ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদার।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাত করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১ এ মামলাটি করেছিলেন। চলতি বছরের ৫ জানুয়ারি তিনি আদালতে অভিযোগপত্র দেন। এতে মোট ৩৬ জনকে আসামি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরবর্তীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে সেই টাকা উত্তোলন করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি ক্রয় করেন।
২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। আসামিরা দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ৪(২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন।
দুদকের কৌঁসুলি মোকাররম হোসাইন আগামীর সময়কে জানান, ৯২ জন সাক্ষীর মধ্যে ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়। গত ২৮ অক্টোবর তাদের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
অপরাধ সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ
মামলার রায়ে আদালত ব্যাংকিং খাতে এ ধরনের জালিয়াতি ও টাকা পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আদালত বলছেন, ব্যাংকিং খাতে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং অত্যন্ত গুরুতর অর্থনৈতিক অপরাধ। এ ধরনের অপরাধ কেবল সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক ক্ষতিসাধন করে না বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক শৃঙ্খলা এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
আদালত আরও উল্লেখ করেন, মামলায় ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন ও বিতরণ প্রক্রিয়ায় অনিয়ম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তরের যে তথ্য সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আদালত মনে করে এ ধরনের অপরাধ প্রমাণিত হলে অপরাধীর সামাজিক মর্যাদা, রাজনৈতিক প্রভাব বা প্রাতিষ্ঠানিক অবস্থান নির্বিশেষে আইনানুগ শাস্তি নিশ্চিত করা আবশ্যক।



