এক-দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদন করা যাবে

সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময়সূচিও পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে।
গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন না।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর ২০২৬ বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন জানিয়েছেন, অকৃতকার্য শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ভর্তি কমিটির সভায় আবেদনের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৯ জানুয়ারি সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি এ ইউনিট, ৩ ফেব্রুয়ারি বি১ উপ-ইউনিট, ৪ ফেব্রুয়ারি বি২ উপ-ইউনিট, ৫ ফেব্রুয়ারি বি ইউনিট, ৬ ফেব্রুয়ারি ডি ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ডি১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। শহরগুলো হলো চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও সময়ে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।




