চট্টগ্রামে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ক্রিকেট শুরু

আরাফাত রহমান কোকো গোল্ডকাপ স্মৃতি টি টোয়ান্টি ক্রিকেট র্টুনামেন্টের শুভ উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম পাহাড়তলী শাহাজাহান মাঠ থেকে দুপুরে তোলা ছবি। ছবি- রনি দে,চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরের পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ২৪টি দল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বললেন, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও আলোকিত যুবসমাজ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।
একই সঙ্গে ফুটবলের সফল আয়োজনের পর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় তিনি উদ্যোক্তাদের অভিনন্দন জানান। পাশাপাশি ভবিষ্যতে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি ভলিবল, ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলাধুলার আয়োজনের আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটিকে পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগান সামনে রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে খেলোয়াড়দের পরিবারও স্বনির্ভর হতে পারে।
উদ্বোধকের বক্তব্যে বিসিবি পরিচালক ইসরাফিল খসরু বললেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শুধু রাজনীতিবিদ ও প্রশাসনকে দায়ী করলে হবে না, রাষ্ট্র গঠনে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই ফুটবলের পর ক্রিকেট টুর্নামেন্টের এ আয়োজন। এমন আয়োজন দেখে অন্য নাগরিকরাও খেলাধুলার উদ্যোগ নিলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে।
দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে ১২ ওভারের খেলায় চট্টগ্রাম-১১ দল ৩২ রানে দুর্বার সংঘকে পরাজিত করে। ম্যাচসেরা নির্বাচিত হন চট্টগ্রাম-১১ দলের অসীম। উদ্বোধনের পর অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামীকাল শুক্রবার থেকে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।



