ডেঙ্গু ও হামে ৩ শিশুসহ ৫ মৃত্যু

সংগৃহীত ছবি
চট্টগ্রামে ডেঙ্গুজ্বর এবং হামে পাঁচজন মারা গেছেন। এর মধ্যে তিনজনই শিশু।
আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো শেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন। সীতাকুণ্ডের আড়াই বছর বয়সী এক শিশু রয়েছে। তার নাম হাসনাত। অন্য দুজন হলেন সীতাকুণ্ডের কামরুন নাহার (৪২) এবং সাতকানিয়ার চেমন আরা বেগম (৫১)। তিনজনই মঙ্গলবার নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ৩৯ জনে।
শেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, একদিনে নতুন করে ৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট ৭ হাজার ৪০৬ জন চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একই সময়ে হামে দুই শিশু মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার তাদের মৃত্যু হয়। তারা হলো ডবলমুরিং এলাকার সাড়ে ৫ বছর বয়সী ফাহিম ও কক্সবাজারের চকরিয়ার ৪ মাস বয়সী আনাছ।
একদিনে নতুন করে ৮১ জন হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের চিকিৎসা নিয়েছে ১১ হাজার ৪১৮ জন।
হাম ও ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর পূর্ণাঙ্গ সঠিক তথ্য এটা নয়। সরকারি এ হিসাবের বাইরেও দুই রোগে আক্রান্ত এবং মৃত্যু থাকতে পারে। অনেক ল্যাব বা হাসপাতাল থেকে নিয়মিত প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয় না।
এ ছাড়া চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে অনেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের তথ্য সাধারণত সরকারি হিসাবে যোগ হয় না।



