তারানার ধ্বনি-বোলে মুগ্ধ হলভর্তি দর্শক

চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে অনুষ্ঠিত হল সদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতসন্ধ্যা। হলভর্তি দর্শক মুগ্ধ হলেন শিল্পীদের মধ্যলয়, দ্রুতলয়ে পরিবেশিত তারানার ছন্দ, ধ্বনি আর বোলে।
আজ শুক্রবার সন্ধ্যায় দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে আসে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ।
কিশোরী অদ্বিতীয়া বড়ুয়া বাগেশ্রী রাগে তারানা শোনালেন। ত্রিতালে নিবদ্ধ তারানাটি শিল্পী প্রথমে মধ্যলয়, এরপর দ্রুতলয়ে পরিবেশন করলেন। তবলায় রাজিব চক্রবর্তী, হারমোনিয়ামে অর্পিতা দেবী দোলা এবং তানপুরায় মোহাম্মদ এনায়েত উল্লাহ সানি সঙ্গত করেন।
সর্বশেষ পরিবেশনায় বাঁশির সুরে রাগ দেঘ পরিবেশন করেন মনীষা ধর। বিলম্বিত ত্রিতাল, মধ্যলয় ত্রিতাল ও দ্রুত ত্রিতালে। মিশ্র ভূপালী রাগে দ্রুত দাদরায় পল্লীসুরের ধুনও ছিল। তবলায় সঙ্গত করেন অমিত চৌধুরী দীপ্ত।
লিপু দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সদারঙ্গের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী বক্তব্য রাখেন।







