লম্বা ছুটির শেষ দিনে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রে ভিড়

টানা ছুুটির শেষ দিনেও বিনোদন কেন্দ্র গুলোতে ছিলো দর্শনার্থীদের ভিড়। ছবি- রনি দে, চট্টগ্রাম
দীর্ঘ ছুটির শেষ দিনটি পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাতে চট্টগ্রাম নগরের বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ শিশুদের নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায়, কেউ বন্ধুদের সঙ্গে ফয়'স লেক, সি ওয়ার্ল্ড, আবার কেউ গেছেন পতেঙ্গা সমুদ্রসৈকতে। পূজার ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফেরার আগে ঘুরে বেড়ানোর সুযোগটুকু এভাবেই কাজে লাগাচ্ছেন তারা।
আজ শনিবার টানা ছুটির শেষ দিন। ছুটির দিনগুলোতে চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে দর্শনার্থীদের উপস্থিতি। শিশুদের নিয়ে পরিবারের সদস্যরা যেমন ঘুরতে বেরিয়েছেন, তেমনি বন্ধুদের সঙ্গে সময় কাটাতেও এসেছেন তরুণ-তরুণীরা। দিনটিকে আনন্দময় করে তুলতে পছন্দের জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।
চট্টগ্রাম চিড়িয়াখানায় শিশুদের কাছে আকর্ষণের কেন্দ্র ছিল বিভিন্ন প্রাণী দেখা। মা, বাবার সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে আসা ছোট্ট জান্নাতুল তোহা বলে, 'বাবাকে বলেছিলাম চিড়িয়াখানায় নিয়ে আসতে। এখানে অনেক মজা হচ্ছে।'
মোহাম্মদ হাসান জানান, 'ছুটির দিনে বাচ্চারা ঘুরতে যাওয়ার আবদার করে। যেহেতু বেশ লম্বা বন্ধ পেয়েছি তাই ২ দিন বাড়িতে ছিলাম। শহরে আসার পর বাচ্চা চিড়িয়াখানায় আসার বায়না ধরেছে।'
দীর্ঘ ছুটিতে চট্টগ্রামের এসব বিনোদন কেন্দ্রগুলোই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অন্যতম জনপ্রিয় স্থান। ছুটি শেষে আবারও নিয়মিত কাজ ও পড়াশোনায় ফিরতে হবে। তার আগে ঘোরাঘুরিতেই ছুটির আনন্দ ধরে রাখতে চাইছেন দর্শনার্থীরা।
পূজার দিনগুলো মণ্ডপে ঘুরে কাটানোর পর বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ফয়সলেকে আসেন রাজশ্রী দাশ। তিনি বলেন, 'দুর্গাপূজার লম্বা বন্ধে এতদিন পূজা দেখেই কাটিয়েছি। তাই পূজা শেষে বন্ধুদের সঙ্গে একটু ঘোরাঘুরি করতে আসলাম।'
ফয়'সলেকের উপ ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ জানান, দুর্গাপূজার ছুটিতে ফয়েজ লেকে দর্শনার্থীদের বেশ ভালো সমাগম হয়েছে। ছুটির দিনগুলোতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে অনেকেই এখানে ঘুরতে এসেছেন। ছুটির শেষ দিনেও দর্শনার্থীদের ভালো উপস্থিতি আছে।
অন্যদিকে পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এসেছেন অনেকেই। সৈকতে ঘুরতে আসা আফরোজ বিথী বলেন, 'সমুদ্র দেখার ইচ্ছা হলেই এখানে আসি। এই বন্ধে দুবার এসেছি। একবার পরিবারের সঙ্গে আর আজকে বন্ধুদের সঙ্গে।'




